সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বিভিন্ন ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ এলাকা হয়ে থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট, অস্থায়ী টংঘর, স্থাপনা, ভাসমান দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় অভিযানে সহায়তা করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশের একটি দল।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে গত ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী ও দখলদারদের জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করায় শনিবার বাধ্য হয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ‘ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও পৌর শহরের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।’ তিনি আরও জানান, ‘পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে পৌরশহরের এই প্রধান সড়কে যানজট লেগেই থাকত। বিশেষ করে ব্যস্ত সময়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। প্রশাসনের এ উদ্যোগে বাজার এলাকায় স্বাভাবিক চলাচল ফিরবে এবং জনদুর্ভোগ কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এবং পরবর্তীতে বাসস্টেন্ড এলাকা থেকে সিএনজি, অটোরিক্সা স্থানান্তর করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় জনস্বার্থে নেওয়া এ অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানান।
মন্তব্য করুন