সুনামগঞ্জের শাল্লায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান করে ছিনতাই হওয়া লাল-কালো রঙের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
গত ২৮ মার্চ সন্ধ্যা আনুমান সাড়ে ৭টার দিকে শাল্লা থানাধীন ০১ নং আটগাঁও ইউনিয়নের শরীফপুর ও চিকাডুবির মধ্যবর্তী 'বারবনের মাঠ' নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তবে ভুক্তভোগী মোটরসাইকেল চালক সাইফুল্লাহ আহমেদ বলেন, আমি তিন যুবককে ভাড়ায় নিয়ে যাওয়ার পথে ১নং আসামি মোঃ রোকন মিয়া প্রস্রাব করার কথা বলে গাড়ি থামায়। পরবর্তীতে কৌশলে চালককে গাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে সুযোগ বুঝে অন্য দুই সহযোগী মোঃ মারুফ মিয়া ও মোঃ সাগর মিয়া মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাইফুল্লাহ আহমেদ শাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর অফিসার ইনচার্জ শাল্লা থানার নেতৃত্বে সাব ইন্সপেক্টর তারেক নাজির ও শাহজাহান সংগীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশের সহায়তায় ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এদিকে গত ২৭ মার্চ দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে শাল্লা উপজেলার চব্বিশা গ্রামের নজরুল ইসলামের গাড়িটিও নিজ বাসস্থান থেকে চুরি করে নিয়ে যায় এই চক্রের সদস্যরা।
এবিষয়ে নজরুল ইসলাম জানান, আমার ডিসকভার ১১০ সিসির গাড়িটি গত ২৭ মার্চ দিবাগত রাতে বাড়ি থেকে চুরি হয়ে যায়। জানতে পেরেছি আমার গাড়ি চুরির সাথে রোকন মিয়ার যোগসাজশ রয়েছে। এই রোকন মিয়ার মাধ্যমেই সকল চোর চিহ্নিত হয়েছে। তাই কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আমার গাড়ি চুরির বিষয়টি এই চক্রের সদস্যরা স্বীকার করেছেন।
সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা এই ছিনতাই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে এবং অপরাধী চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি যাচাই-বাছাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর এবং এই চক্রের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন