ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববার ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন।
পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দেশটির বিভিন্ন স্থানে আত্মগোপন করার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে ফয়সাল করিম মাসুদকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করা হয় এবং তাকে ধরিয়ে দিতে বর্তমান সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
এর আগে তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এবং তার পরিবারের সদস্যদের মোট ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।
এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এই মামলার সাথে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।
মন্তব্য করুন